দীর্ঘ দুই বছর পর আবারও চিরচেনা উপায়ে ঈদ উদযাপন করছে পুরো জাতি। আগের দুই বছরের টানা চারতি ঈদ কেটেছে একরকম ঘরবন্দি হয়েই। সেই স্থবিরতাকে কাটিয়ে এবার তাই নাড়ীর ঢাকা ছাড়তে ব্যস্ত লাখ লাখ মানুষ। টেলকো কোম্পানির তথ্য বলছে, গত চার দিনে ঢাকা থেকে বাইরে গেছেন ৭৩ লাখ মানুষ।
মানুষ ঈদের ছুটির প্রথম দিন রবিবার (১ মে) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, গত দুই দিন অর্থাৎ ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। আর এর আগের দুই দিন, অর্থাৎ ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা ছেড়েছে আরও আনুমানিক ৩০ লাখ সিম। সব মিলিয়ে গত ৪ দিনে প্রায় ৭৩ লাখ মোবাইল সিম ঢাকার বাইরে গেছে।
২৯ এপ্রিল গ্রামীণফোনের হিসেবে দেখা যায়, ওইদিন ঢাকা ছেড়েছে ৮ লাখ ৩৩ হাজার ২২৩ জন গ্রাহক। রবির হিসেবে তাদের ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ জন গ্রাহক, বাংলালিংকের হিসেবে ৫ লাখ ২৩ হাজার ২৮২ জন গ্রাহক এবং টেলিটকের ৮০ হাজার ৮৪০ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। আর ৩০ এপ্রিল গ্রামীণফোনের হিসেবে দেখা যায়, ওইদিন ঢাকা ছেড়েছে ১০ লাখ ২৮ হাজার ৯১৩ জন গ্রাহক। রবির হিসেবে তাদের ৬ লাখ ৮০ হাজার ৬৯৫ জন গ্রাহক, বাংলালিংকের হিসেবে ৬ লাখ ১ হাজার ৪৫০ জন গ্রাহক এবং টেলিটকের ৬৫ হাজার ১৬৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।
ঈদের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সোমবার নাকি মঙ্গলবার দেশে ঈদ উদযাপন করা হবে, তা জানা যাবে আজ। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে সেখান থেকেই আসবে সিদ্ধান্ত।