সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষের ঢল  

ঈদ উপলক্ষে পরিবার পরিজনের সাথে ঈদ করা লক্ষ্যে রেল পথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। রাজধানী থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় রেলপথের ট্রেনে দেখা যায় উপচেপড়া ভিড়। রেলের কামরাগুলোতে তিলধারণের ঠাঁই নেই। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে ভয়কে দূরে ঠেলে যাত্রীরা ট্রেনের ছাদে উঠে পড়েছেন। এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।  

ট্রেন, বাসসহ অন্যান্য যোগাযোগমাধ্যম গুলোতে টিকিট না পেয়েই এই রাস্তা বেছে নিয়েছে সাধারণ মানুষেরা। শুধু ট্রেনই নয় বাস, ট্রাক, লঞ্চেও একই দৃশ্য দেখা যায়।

ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনের ছাদে ওঠা ট্রেনের যাত্রী সালাম, রাব্বি, সুমন জানান,জীবনের ঝুঁকি হলেও পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে এই পথ বেছে নিয়েছি। তারা আরও জানায়, করোনা জনিত কারণে গত ঈদে বাড়ী আসতে না পারলেও এবার বাড়ী যাবার সুযোগ পেয়েছি। 

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান, জীবনের ঝুঁকি হলেও যাত্রী সাধারণ এভাবেই ছুটে চলেছে বাড়ীর পথে। 

স্টেশন চত্বরে কাদের মোল্লা, আমিনুল ইসলাম জানান, ট্রেন আসার সাথে সাথে মইওলারা ছাদে ওঠার জন্য ট্রেনের সাথে মই লাগিয়ে দিয়ে মাথা পিছু দশ টাকা করে ১০ টাকা করে বকশিস আদায় করে নিচ্ছে। 

অন্যান্য বারের চেয়ে এবার ট্রেন পথ, সড়ক পথ নদী পথে যানজটের তুলনা অনেকটাই কম। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যাত্রীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।