ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার গোহাইলবাড়ি এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকি ও বজলু খালাসীর মধ্যে বিরোধ ছিল। আজ গোলাম মোস্তফা সিদ্দিকি গোয়ালদি বাজারে কর্মীদের নিয়ে বসেছিলেন। এ সময় বজলু খালাসীর লোকজন হামলা চালায়। এ সময় মোস্তফা সিদ্দিকিকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই আকিদুল শেখ (৩২) ও খায়রুল শেখ (৪০) গুরুতর আহত হন। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।