সাঁতার কাটতে গিয়ে মারা গেলেন কর কমিশনার 

ওমর ফারুক মাছুম (৩২) ঢাকা কর অঞ্চল-১৩ এর উপ-কর কমিশনার। ঈদের ছুটিতে বুধবার (৪ মে) ৭ বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন তিনি। তিনি ৩১তম বিসিএস ক্যাডার, নোয়াখালী জেলার চাটখিলের ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাজিম উদ্দিন মিছাব (ফয়জুল্লা মেম্বার) বাড়ির আবুল ফয়জলের ছেলে।

দিঘীরপাড়ে উপস্থিত থেকে তাকে উদ্ধার কার্যক্রম মনিটরিং করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম।  

জানা গেছে, ঈদের পরের দিন বুধবার সকালে ঢাকা থেকে ৭ বন্ধু আবু দাউদ, মনিরুল ইসলাম, লিটন চন্দ্র সূত্রধর, মোরশেদ ইকবাল, ফায়েল মজুমদার, আশরাফ হোসেন রতনকে নিয়ে ওমর ফারুক মাছুম গ্রামের বাড়িতে আসেন। নিজ বাড়ি থেকে তারা সবাই চাটখিলের ঐতিহাসিক মল্লিকা দিঘীতে সাঁতার কাটতে আসেন। সাঁতার কাটার এক পর্যায়ে দিঘীর মাঝামাঝি স্থানে ডুবে যান। তার সহকারীরা তাকে না পেয়ে দিঘীরপাড়ে চলে আসেন। এ খবর মহূর্তে ছড়িয়ে পড়লে হাজার-হাজার উৎসুক জনতা দিঘীরপাড়ে ছুঁটে আসে এবং দিঘীর চারপাশে দাঁড়িয়ে উদ্ধার অভিযান প্রত্যক্ষ করে। উদ্ধার অভিযান স্থানীয় যুবক ও ফায়ার সার্ভিস পরিচালনা করে। এসময়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, চাটখিল থানার অফিসার ইনর্চাজ গিয়াস উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দুপুর ১২টায় ঘটনাটি ঘটার পর থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টায় দীর্ঘ ৫ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।