২০০ বছর পূর্তিতে দুই দিনব্যাপী নোয়াখালী উৎসব

নোয়াখালী জেলার ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’ অনুষ্ঠিত হবে। বৃহত্তর নোয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই নোয়াখালী উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপি উৎসবে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সম্মিলিত শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত ও উৎসব সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংরক্ষিত আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী। উদ্বোধনীর পর আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নোয়াখালীর ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ প্রদর্শন করা হবে।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রথম দিনের অনুষ্ঠানমালার রয়েছে কবি মুজতবা আল মামুন এর সঞ্চালনায় ইতিহাস ভিত্তিক প্রকাশনার মোড়ক উন্মোচন, প্রফেসর মো: মাইন উদ্দিন পাঠান এর সঞ্চালনায় বৃহত্তর নোয়াখালীর সামাজিক, সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য পুর্নপাঠ ,কবি বদরুল হায়দার এর সঞ্চালনায় কবিতার আড্ডা এবং তবারক উল্যাহ বায়েজিদ এর সঞ্চালনায় নোয়াখালীর ইতিহাস বিষয়ক প্রবন্ধমালা।

এ উৎসবে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যাহ, অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহম্মেদ,নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও দেশে বিভিন্নস্থানে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর শিল্পী, সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব।

উল্লেখ্য, ১৮২২ সালের ২৯ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের ত্রিপুরা থেকে ফরমান জারির মাধ্যমে ভুলুয়া মহকুমা তথা অবিভক্ত নোয়াখালী জেলা প্রতিষ্ঠা হয়।