উত্তরায় প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি  সংঘর্ষে  সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজি চালক তৈয়ব ওরফে তৈবুর আলী (৬০) ও তার আরোহী মহিফুর ওরফে তাইফুর রহমান রাতুল (২৮)। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস দুই জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল ও আহত হয়েছেন। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮)কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার  উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার  উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল জানান, আমার বাবা জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার বাসিন্দা। বর্তমানে আমরা  যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায় বসবাস করি। এছাড়া নিহত রাতুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানতে পেরেছি।

অপরদিকে, উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক জানান, প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক তৈয়ব আলী (৬০) ও আরোহী রাতুল  মারা যায়। আহত প্রাইভেটকারচালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ দুর্ঘটনার পরপরই দুটি গাড়ি পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢামেক  মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ পুলিশ আটক করেছে। দুর্ঘটনায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে গেছে। এবিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। 

এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।