আইন মেনেই চিকিৎসার জন্য দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড পাওয়া সংসদ সদস্য হাজী সেলিম বিদেশ গেছেন এবং ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন আবার ফেরত চলে এসেছেন। হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন। হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছেন।
গত শনিবার বিকেলে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান হাজি সেলিম। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। আগামী ২৫ মের মধ্যে তার নিম্ন আদালতে আত্মসমর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছেড়েছিলেন।