৩ দোকান থেকে ২৯ হাজার ৫৮০ লিটার তেল উদ্ধার

ঢাকার ডেমরা রোডের কাজলা ব্রিজ এলাকা থেকে ২৯ হাজার ৫৮০ লিটার খোলা পাম ও সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে এ তেল উদ্ধার করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

অভিযানকালে  কাজলা ব্রিজ এলাকার মেসার্স অদ্বিতি ট্রেডিং, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর থেকে পুরনো রেটের ২৯ হাজার ৫৮০ লিটার খোলা পাম ও সয়াবিন তেল উদ্ধার করা হয়। ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে (পুরনো রেটের সয়াবিন ১৪৩ টাকার পরিবর্তে ১৮৩ থেকে ১৮৪ টাকায়) বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা করে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধারকৃত তেল সরকারি রেটে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।