জাতীয় দলের খেলা থাকায় এবার আইপিএলের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি প্যাট কামিন্স। এরপর পাঁচটি ম্যাচ খেলেছেন। এখন আবারও তাকে ছাড়াই খেলতে হবে কেকেআরকে। চোটে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন এই পেসার।
এই মুহূর্তে ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যেতে হলে বাকি দুটি ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকেও। রানরেটেরও একটা হিসাব থাকতে পারে। সবমিলিয়ে পথ কঠিন হলেও এখনো প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে কলকাতার।
দলের এমন প্রয়োজনীয় সময়ে নিতম্বে চোট পেয়েছেন হয়েছেন অজি তারকা কামিন্স। চোট তেমন গুরুতর না হলেও আইপিএলের পুরো মৌসুম শেষ করতে চাইছেন না তিনি। সামনেই অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি রয়েছে। মূলত জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে কোনো ধরনের ঝুকি নিতে চাচ্ছেন না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। আপাতত সিডনিতে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।