ইতালির বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপি’র শ্রদ্ধা  

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শনিবার (১৪ মে) দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। 

এর আগে আইজিপি দূতাবাসে পৌঁছালে তাকে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।পরে আইজিপি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সব কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। 

দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইজিপি ড. বেনজীর আহমেদ।

এ সময় রাষ্ট্রদূত ইতালিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছে তাদের কাগজপত্রের বিষয় সমাধানের জন্য আইজিপি’র দৃষ্টি আকর্ষণ করেন। এক্ষেত্রে বাংলাদেশের আইজিপি ড. বেনজীর আহমেদ ও ইতালির রাষ্ট্রদূত মো. শামীম আহসান যেসব অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছে তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। 

উল্লেখ্য, আইজিপি বর্তমানে ইতালি সফরে রয়েছেন। তিনি আগামী ১৭ মে দেশে তার ফেরার কথা রয়েছে।