আইসিইউতে বিএনপি নেতা ডা. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গতকাল রবিবার (১৫ মে) দুপুরে বিএনপির দলীয় নেতা-কর্মীদের কর্মসূচি চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে নরসিংদীর পলাশ সংসদীয় এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি করছিলেন ড. আব্দুল মঈন খান। দুপুরের খাবারের বিরতির সময় ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে ডা. আতিকুর রহমানের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।