চট্টগ্রাম টেস্ট

ক্যাচ মিসের আক্ষেপে দ্বিতীয় সেশন

সাগরিকার পিচে বোলাররা খুব একটা সুবিধা করতে পারছেন না। তবু, মাঝেমধ্যে দুই-একটা সুযোগ যা তৈরি হচ্ছে সেটাও বাংলাদেশি ফিল্ডাররা হাতছাড়া করছেন। আর তাতে ৪০০ রানের কাছাকাছি শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে তাদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৭৫ রান।

এই রিপোর্ট লেখার সময় চা বিরতি চলছে। ১৭৮ রান করে অপরাজিত আছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ভিশওয়া ফার্নান্দো। তিনি ১৭ রানে ব্যাট করছেন। তাদের দু'জনের জুটি দাঁড়িয়েছে ৪৭ রানে।

এরই মধ্যে হয়তো লঙ্কানরা অলআউট হয়ে যেতো। যদি সুযোগগুলো মিস না হতো। সাকিব আল হাসানের এক ওভারেই দুটি ক্যাচ মিস হয়েছে। ১৩৯তম ওভারে সাকিবের প্রথম বলটি ভিশওয়া ফার্নান্দোর ব্যাট ও প্যাড স্পর্শ করে পেছনে চলে যায়। বলটি উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসও স্পর্শ করেছে। কিন্তু তিনি সেটি ধরতে পারেননি। এর দুই বল পর আবারও ক্যাচ তুলে দেন ভিশওয়া। এবার সেটি ঝাপ দিয়ে ধরতে যাওয়া মুশফিকের হাত ফসকে যায়। এর আগেও একবার ম্যাথুসের ব্যাট স্পর্শ করে লিটনের হাতে ধরা পরে। কিন্তু বাংলাদেশের কেউ কোনো আবেদনই করেননি। পরে রিপ্লেতে সেটি ধরা পরেছে।