তিস্তা নদীতে ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ। পরে মাছটি স্থানীয় বাজারে ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বোয়াল মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
সোমবার (১৬ মে) সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় সাজুর জালে মাছটি ধরা পড়ে।
ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তা নদীতে মাছও বেড়েছে। কয়েকদিন আগে তিস্তা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ মাছ। এবার ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
জেলে সাজু মিয়া জানান, মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে গেলে মুহূর্তেই এক হাজার টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় বিক্রি হয়ে যায়।