ময়মনসিংহের নান্দাইলে শসা চাষিরা ন্যায্যমূল্য না পেয়ে লোকসানের মুখে পড়েছেন। প্রতি মণ শসা বিক্রি করতে হচ্ছে ১৬০ থেকে ২৪০ টাকা দরে। শসা চাষিরা জানান, লাভ তো হবেই না, তাদের উৎপাদন খরচও উঠবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এবার নান্দাইলে শসার বাম্পার ফলন হলেও উৎপাদিত শসার বাজার মূল্য কম থাকায় রীতিমতো চাষিরা হতাশায় ভুগছেন। এখানকার উৎপাদিত শসা স্থানীয় চাহিদা মিটিয়ে আশেপাশের এলাকায়ও সরবরাহ হয়। যায় রাজধানী ঢাকায়ও।
উপজেলার কাদিরপুর গ্রামের কৃষক মো. খোকন মিয়া, বাহার উদ্দিন, আ. সাত্তার এবং মোজাম্মেল হোসেন বলেন, ‘শসা আবাদে বীজ, সারসহ অন্যান্য যে খরচ হয়েছে, তা এবার উঠছে না। রমজানের সময় কিছুটা বাজার মূল্য পেলেও এখন পাইকাররা ভালো মূল্যে শসা কিনছে না।’
কয়েকজন পাইকার জানান, মোকামে দাম বাড়লে কৃষকেরাও ভালো দাম পেতেন। যখন ভালো মূল্য থাকে, তখন আমরাও সঠিক মূল্যে কিনে নিয়ে যাই।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান বলেন, ‘এবছর নান্দাইলে ১২০ হেক্টর জমিতে শসা চাষ করা হয়েছে। শসার বাম্পার ফলনও হয়েছে। কিন্তু এখন দাম কম থাকায় কৃষকদের লাভ কম হচ্ছে।’