ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগের সেশনজট দূর করার লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
বুধবার (১৮ মে) বেলা ১২ টার দিকে উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালামের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পঞ্জিকা অনুযায়ী, আগামী ১ থেকে ১৩ জুন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তি চাপ তৈরি করবে। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ছুটি বাতিলের দাবি জানিয়েছেন। সেই প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনতে এবং বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানান তারা।
স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।