নাট্যকর্মীদের আনন্দমুখর নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার উদযাপিত হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস। ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী। গতকাল বিকালে বেইলি রোডের মহিলা সমিতির সামনে নাট্যকর্মীরা সমবেত হয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। এটি বিভিন্ন সড়ক ঘুরে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় আলোচনা পর্ব। আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ প্রমুখ। গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ।
অনুষ্ঠানে মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য রূপসজ্জা শিল্পী বঙ্গজিত দত্ত ও আলোক শিল্পী সিরাজ আহমেদকে মরণোত্তর গ্রুপ থিয়েটার সম্মাননা প্রদান করা হয়। এইসময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। পরে ছিল একক নাটকের অংশ বিশেষ। ‘বিনোদিনী’ নাটক থেকে অভিনয় করেন শিমুল ইউসুফ, ‘গহনযাত্রা’ থেকে শামছি আরা সায়েকা এবং ‘নভেরা’র অংশবিশেষ উপস্থাপন করেন সামিউন জাহান দোলা। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও ঝর্ণা সরকার। নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যদল। বিকালে মুক্তমঞ্চে পরিবেশিত হয় মূকাভিনয়। জলের গানের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গ্রুপ থিয়েটার দিবসের আয়োজন।
থিয়েটার প্রবর্তিত সম্মাননা পেলেন দেবজিত্্ বন্দোপাধ্যায় ও পান্থ শাহরিয়ার
থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন ভারতের নাট্য গবেষক ও শিল্পী দেবজিত্্ বন্দোপাধ্যায় এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন পান্থ শাহরিয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। থিয়েটারের দলপ্রধান ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নাট্যজন রামেন্দু মজুমদার। অনুষ্ঠানের শেষাংশে নাটকের গান পরিবেশন করেন দেবজিত্্ বন্দোপাধ্যায়।
পথনাটকের শীতকালীন অভিনয় প্রদর্শনী শুরু হচ্ছে আজ
‘মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, রুখে দাও জনতা’ স্লোগানে শুরু হচ্ছে বাংলাদেশ পথনাটক পরিষদের নিয়মিত শীতকালীন অভিনয় প্রদর্শনী। নভেম্বর থেকে পরবর্তী বছরের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পর্যন্ত প্রতি শুক্রবার এ প্রদর্শনী করে আসছে পথনাটক পরিষদ।
আজ শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, যাত্রাবাড়ী, দনিয়া, মিরপুর, উত্তরা, বাহাদুর শাহ্্ পার্ক ইত্যাদি স্থানে পর্যায়ক্রমে পথনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি প্রযোজনা ’ঘুম নেই অতঃপর’ আজ
নাসির উদ্দীন ইউসুফ ও শহীদ জননী জাহানারা ইমামের যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আবৃত্তি প্রযোজনা ‘ঘুম নেই অতঃপর’। নির্দেশনা দিয়েছেন বাচিকশিল্পী হাসান আরিফ। প্রযোজনাটি মঞ্চে এনেছে আবৃত্তি সংগঠন স্বরব্যঞ্জন। আজ শুক্রবার বিকাল চারটা ও পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুদিন প্রযোজনাটি মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে।