নিউজিল্যান্ডকে ২৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ২৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। ওভালে বুধবার সন্ধ্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। ৪৯.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৪ রান তুলতে সক্ষম হয় মাশরাফি বাহিনী।  

ব্যাট হাতে সতর্ক সূচনার চেষ্টা করছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় ৬০ রানে দুই ওপেনার আউট হয়ে মাঠ ছাড়েন। সৌম্য ২৫ ও তামিম ২৪ রান করেন।  

এরপর জুটি বাঁধেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে এই জুটি ভালোই খেলছিলেন। তবে ২৪তম ওভারে নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হলো মুশফিকুর রহিমকে। ৩৫ বল থেকে ১৯ রানের সতর্ক ইনিংস খেলেন মুশফিক।

দলীয় ১৬১ রানে যান পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা সাকিবও। গ্র্যান্ডহোমের বলে কট বিহাইন্ড হন তিনি। আউট হওয়ার আগে ৬৮ বল থেকে ৬৪ রান করেন তিনি। এরপর পঞ্চম উইকেটে মিঠুনের সঙ্গী হন মাহমুদউল্লাহ। দলীয় ১৭৯ রানে মিঠুন আউট হন ২৬ রান করে। এরপর মাহমুদউল্লাহ (২০) ফিরে যান দলীয় ১৯৭ রানে।

সপ্তম উইকেটে জুটি বাঁধেন দুই তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ও সাইফুদ্দিন। বেশ দ্রুততার সঙ্গে ২৩ বল থেকে ২৯ রান করে আউট হন তিনি। সাইফুদ্দিন শেষ দিকে ভালো খেললেও তবে অপরপ্রান্ত থেকে একে ফিরে যান মোসাদ্দেক, মিরাজ ও মাশরাফি। শেষ ওভারে চার বল বাকি থাকতেই ২৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে সাইফুদ্দিন আউট হন।    

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে নিউজিল্যান্ড। তাই এই দু’দলের জন্যই আজ এগিয়ে যাওয়ার লড়াই।

ইত্তেফাক/কেআই