কুর্মিটোলা গলফ ক্লাবে তিন দিনব্যাপী নগদ কাপ গলফ টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২০ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধানের স্ত্রী নুরজাহান আহমেদ।
'নগদ' এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিশেষ উদ্যোগে গত ১৮ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি/বিদেশি মোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার, দ্বিতীয় স্থান অর্জন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন বিজিবিএম, পিএইচডি এবং তৃতীয় স্থান অর্জন করেন মিসেস ফাতেমা মতিউর। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সংকলিত ‘বীরের মুখে বীরত্বগাথা’বইটির মোড়ক উন্মোচন করেন। বইটির সম্পাদনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং তানভীর এ মিশুক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে 'নগদ' এর উদ্যোগে সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে উল্লেখযোগ্য ২৫টি যুদ্ধ দৈনিক ইত্তেফাক পত্রিকায় চলতি বছরের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রকাশ করা হয়। পত্রিকায় প্রকাশিত সেসকল প্রকাশনাসমূহ নিয়ে এই বইটি সংকলিত হয়।
অনুষ্ঠানে প্রকাশিত বইটির সঙ্গে সম্পর্কিত সশস্ত্র বাহিনীর ১৯ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন তানভীর আহমেদ মিশুক, 'নগদ' এর ব্যবস্থাপনা পরিচালক; রহেল আহমেদ, 'নগদ'-এর সিইও; মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি, জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং খেলোয়াড়বৃন্দ। সেনাবাহিনী প্রধান 'নগদ' এর এ ধরনের মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের যুবসমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে এবং ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।