অনেক নাটকীয়তা শেষে অবশেষে প্যারিস-সেইন্ট-জার্মেইন (পিএসজি)-তেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন চুক্তিতে আগামী তিন বছর অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পিএসজিতে থাকছেন ফরাসি এই তারকা। রবিবার (২২ মে) পিএসজির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানা গেছে।
পিএসজি ফেসবুক পোস্টে উল্লেখ করেছে, প্যারিস সেইন্ট-জার্মেইন আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্যারিসিয়ানদের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন ফ্রান্সের আন্তর্জাতিক স্ট্রাইকার।
পোস্টে আরো উল্লেখ করা হয়, প্যারিস সেইন্ট-জার্মেইন গর্বিত কিলিয়ান এমবাপ্পের আরও তিন মৌসুমের জন্য চুক্তি বাড়ানোর ঘোষণা দিতে পেরে। ফরাসি এ স্ট্রাইকার ২০২৫ পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত।
এর আগে, নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক দিন ধরে এমন গুঞ্জনই নিশ্চয়তার রূপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। কিছুদিন আগে ইউএনএফপি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে বলেছিলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।’ এ কথার পর গুঞ্জন আরো বৃদ্ধি পায় ফুটবল বিশ্বে। অবশেষে সকল গুঞ্জনে পানি ঢাললো পিএসজি ও এমবাপ্পে।