রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বৃহস্পতিবার এই পরিচয়পত্র জমা দেন বলে মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাত্কালে নতুন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জোরালো সম্পর্ক দুই দেশ, দুই দেশের জনগণ এবং এই অঞ্চল ও বৈশ্বিক সম্প্রদায়ের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এই সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরালো হচ্ছে। রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। এর আগে নতুন মার্কিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

বাংলাদেশে নতুন দায়িত্ব নিতে গত ১৮ নভেম্বর ঢাকায় আসেন রাষ্ট্রদূত মিলার। ঢাকায় তিনি সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুলাই মাসে মিলারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। গত ১১ অক্টোবর মার্কিন সিনেট তার নিয়োগ অনুমোদন করে। এরপর রীতি অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।