সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত আহত ২৫

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে সয়দাবাদ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কড্ডার মোড়ে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে ।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, বুধবার রাতে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের সয়দাবাদে দুইটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক ট্রাকের ড্রাইভার বগুড়া জেলার শিবগঞ্জ থানার আমতলী গ্রামের জিন্নাহর ছেলে মুর্শিদুল ইসলাম (৩৫) এবং অপর ট্রাকের হেলপার যশোহর জেলার তেতুলিয়া থানার কুতুবআলী গ্রামের আকতার আলীর পুত্র আরিফ (২২) নিহত হন এবং অন্তত ৩ জন আহত হন। অপরদিকে বৃহস্পতিবার সকালে একই সড়কের কড্ডা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আরিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি বাসের মুখোমুখী সংঘর্ষে ৫ জন মহিলা নিহত হন।

পুলিশ, প্রত্যক্ষ্যদর্শীরা জানান, এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আব্দুলের স্ত্রী সুমি আকতার আয়শা (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার চরমিরাকোর গ্রামের রবিউল আওয়ালের স্ত্রী রেহেনা বেগম (৪০), তার দুই মেয়ে রুমানা খাতুন (১৬), হূদি (১৪) এবং ছাতিয়ানতলী গ্রামের আয়নুল হকের স্ত্রী শিরিয়া বেগম (৫৫)। এসময় অন্তত ২২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।