ইংল্যান্ডকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডস

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৩-১ হারিয়ে ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। আগামী রবিবার পোর্তোয় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস।

 

পর্তুগালের গিমারাইসে বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধে মার্কাস রাশফোর্ডের গোলে ডাচরা পিছিয়ে পড়ে। আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে ৩২তম মিনিটে রাশফোর্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে আয়াক্স ডিফেন্ডার দি লিট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

 

বিরতির পর সমতায় ফেরে নেদারল্যান্ডস। ম্যাচের ৭৩তম মিনিটে মেমফিস ডিপাইয়ের কর্নারে সবার উপরে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান দি লিট। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়।

 

৯৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস বল ক্লিয়ার না করে সময় নষ্ট করলে তার পা থেকে বল কেড়ে নিয়ে শট নেন ডিপাই। গোলরক্ষক থামানোর চেষ্টা করলেও কুইন্সি প্রোমেসের শটে বল কাইল ওয়াকারের পায়ে লেগে জালে জড়ায়।

আরো পড়ুন : আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

ম্যাচের ১১৪তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার স্টোনস বল বিপদমুক্ত না করে ডি-বক্সের মুখে সতীর্থ রস বার্কলিকে পাস দেন। বার্কলিক আবার ডি-বক্সেই ডিপাইকে পাস দেন। এ সময় জোরালো শটে বল জালে পাঠান প্রোমেস।

 

ইত্তেফাক/ইউবি