এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৮:২৯

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) ব্যাকফুটে থেকে আজ ব্যাট করতে নেমে শুরুটাও ভালো ছিল না। মুশফিকুর রহিম, লিটন দাসরা হতাশায় ফেলে বিদায় নেন। এরপর তাওহিদ হৃদয় দলের ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব নেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে তুলে নেন ডাবল সেঞ্চুরিও।

শেষ পর্যন্ত অন্যপ্রান্ত হতে বাকি ব্যাটাররা আউট হলেও হৃদয়কে আউট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এখন হৃদয়ের।

২৯ রানে দিনের খেলা শুরু করে ২১৩ রান যোগ করেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের হয়ে এক দিনের সর্বোচ্চ রানের রেকর্ড এটি।

২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান।

জানা যায়, বেশ কিছু কীর্তিও গড়েছেন টাইগার এই ব্যাটার। এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে প্রথম সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ ১৮১ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। তাকে ছাড়িয়ে নিজের প্রথম সেঞ্চুরিকে হৃদয় দ্বিশতকে পূর্ণ করলেন। এ ছাড়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল হান্ড্রেডের মাইলস্টোনে পৌঁছালেন হৃদয়।

এর আগে তিন বাংলাদেশি ক্রিকেটারের ব্যাটে পাঁচটি ডাবল সেঞ্চুরি হয়েছিল। তাদের মধ্যে মুশফিকুর রহিম তিনটি, সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেন একটি করে। দ্বিশতকের এলিট তালিকায় নতুন নাম তাওহিদ হৃদয়।

সিলেট টেস্টের আগে টেস্ট ক্যারিয়ারের চার ইনিংসে ৫৪ রান করেছিলেন হৃদয়। সিলেটে নিজেকে নতুন ভাবে চেনালেন হৃদয়। ঢাকা টেস্টে প্রশ্নবিদ্ধভাবে উইকেট বিলিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। টেস্ট দলে তার জায়গা নিয়েও কম আলোচনা হয়নি। সেই হৃদয় যেন হৃদয় মোড়ানো এক ইনিংসে সব ভুলিয়ে দিলেন। 

 

 

 

 

ইত্তেফাক/এনটিএম