বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেট্রোরেলের কিছুক্ষণ পর পর স্টেশনের কোন প্রয়োজন নেই। আগারগাঁওয়ে একটা, আবার শেওড়াপাড়ায় একটা। এরপর সংসদ ভবন, আবার ফার্মগেটে একটা। এত ঘন ঘন স্টেশন পৃথিবীর কোথাও নেই। এত স্টেশনের কারণ কী?
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে জিয়া পরিষদ।
এসময় পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতু হচ্ছে বলে আমাদের গায়ের জ্বালা নয়, পদ্মা সেতু থেকে হাজার-হাজার কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে, এখানে আমাদের গায়ের জ্বালা। কারণ এই টাকাগুলো আমাদের। বাংলাদেশ পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছে। এই সরকার আমাদের একেবারে ঋণের গভীরে নিয়ে গেছে। আমরা চাকচিক্য দেখে বুঝতে পারছি না। আমাদের সরকার তো গদগদ হয়ে গেছে। সারাক্ষণ আমরা পদ্মা সেতু নিয়ে আছি।’
সব মেগা প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. মো আব্দুল কুদ্দুস, প্রফেসর মাহবুব উল্লাহ প্রমুখ।