চীনে বন্দিশিবির থেকে মুক্তির পর বাবার মৃত্যু, দাফনের সময় প্রাণ গেলো ছেলেরও 

ফের চীনের জিনজিয়াং প্রদেশের মর্মান্তিক একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশের কথিত বন্দিশিবির থেকে এক উইঘুর সংখ্যালঘু মুক্তি পাওয়ার ২০ দিন পর মারা গেছেন। এর পরের দিন দাফনের সময় তার ২০ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছে। 

সামাজিক মাধ্যমের এক পোস্টের বরাত দিয়ে আরএফএ-এর রিপোর্টে বলা হয়ছে, চীনের গুলজারের এক জেল থেকে ইয়াকুব হেসেন (৪৩) এপ্রিলে ছাড়া পান এবং ১ মে মারা যান। এর পরের দিন তার ছেলে বিলাল ইয়াকুপ বাবার কফিন বহন করার সময় মারা যান। 

অনলাইন তথ্যে চীনের কোঠর বিধিনিষেধের পরেও চীনের জিনজিয়াং প্রদেশে বিভিন্ন জেল ও বন্দিশিবিরে মারা যাওয়া বন্দিদের খবরে সামাজিক মাধ্যমে চলে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

কারাবাসে সময় মারা যাওয়া বিভিন্ন উইঘুরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। এসব ভুক্তভোগীর বয়স ৫০ বছরের নিচে এবং এদের কারাবাসের সময় উল্লেখযোগ্য ওজন কমেছে। 

হেসেন যেই অঞ্চলের বাসিন্দা যেখানকার একজন আরএফএ'কে বলেন, চীনের বন্দিশিবির এবং জেল থেকে মুক্তি পাওয়ার পর অনেক উইঘুর মারা গেছে। তিনি রেডিও ফ্রি এশিয়াকে আরও বলেন, অনেকে মারা গেছে, আমি সবার পরিচয় ঠিকমত জানি না। 

গুলজারের আরেক উইঘুর যিনি এখন বিদেশে থাকেন কিন্তু নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, পৌরসভার​ পুলিশ, রাজ্য নিরাপত্তা বাহিনী এবং জিনজিয়াং থেকে একদল চীনা সরকারি কর্মকর্তা হেসেনের দাফনে যোগ দিয়েছিলেন।