গঙ্গাচড়ায় খেতের মাঠে চলছে কাটা-মাড়াইয়ের কাজ  

খেতের মাঠেই চলছে বোরো ধানের কাটা-মাড়াইয়ের কাজ। উঠানে জায়গা না হওয়ায় অনেক কৃষক জমিতেই ধান কাটা, শুকানো কিংবা খড় শুকাতে ব্যস্ত কৃষকরা। 

কৃষকরা জানান, এ বছর ধান কাটার মজুরির দাম অনেক বেশি। খেত থেকে বাড়ির দুরত্ব অনুযায়ী মজুরি আবার কমবেশি হয়ে থাকে। তাই আবহাওয়া অনুকুলে থাকায় অনেক কৃষক খরচ কিছুটা কমাতে মাঠেই কাটা-মাড়াইয়ের কাজ করছে। রংপুরের গঙ্গাচড়ায় এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। ফুটে উঠেছে কৃষকের মুখে হাসি। তবে এ বছর মজুরীর দাম গত বছরের চেয়ে বেশি। ধার-দেনা করে বোরো আবাদ করলেও ফলন ভাল হওয়ায় কৃষকরা বেজায় খুশি। গত বছর আমন মৌসুমে কৃষকরা ধানের ভালো দাম পাওয়ায় এ বছর কৃষকরা বোরো চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা খেতের মাঠে ধান কাটাই মাড়াইয়ের কাজ করছেন। মাটিতে নেট দিয়ে তার উপর ধান মাড়াইয়ের কাজ করছেন।   

গজঘন্টা ইউনিয়নের কৃষক নুরল আমিন বলেন, বাড়িতে জায়গা নেই। তাছাড়া রোদের অভাবে ধান ও খড় শুকানোর সমস্যা হয়। এ কারনেই মাঠে কাটা-মাড়াইয়ের কাজ করছি।  

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ফসলের মাঠ কিছুটা শুকনো হওয়ায় কৃষকরা খেতেই কাটা-মাড়াইয়ের কাজ করছে। এতে কিছুটা সুবিধা হয়। বোরোর এবার ফলন ভাল হয়েছে।