সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৯ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার খেজুরডাঙ্গী বিলে বজ্রপাতে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত ফারুক খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল গাজী (৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও ঢাকা সাভারের হুমায়ুন কবির (৪০)।
জানা গেছে, সকালে বিলে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ফারুক মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের পিয়ার আলী গাজীর ছেলে আবদুল লতিফ গাজী শনিবার (২৮ মে) সন্ধ্যায় বাড়ির পাশে পাতারবিলে ঘেরের বাসায় বসেছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে ঘেরের বাসার ওপর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবদুল লতিফ মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর।