নেত্রকোনার মোহনগঞ্জে মৎস্য বিভাগের জব্দ করা তিন লাখ টাকা মূল্যের ১০ বস্তা অবৈধ কারেন্ট পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে (২৯ মে) মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাব্বির আহমেদের নির্দেশে জালগুলো ধ্বংস করা হয়।
জানা যায়, শনিবার দিবাগত রাত ৪টার দিকে একটি পিকআপ ভ্যান মুরগির খাবারের আড়ালে কারেন্ট জাল নিয়ে আসছিল। মুন্সিগঞ্জ থেকে মোহনগঞ্জ বাজারে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা দেয়। এ সময় পিকআপের চালক মনির হোসেন ও হেলপার রবিন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ও পিকআপটি থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পিকআপের পেছনে কারেন্ট জাল পাওয়া গেলে খবর পেয়ে মৎস্য বিভাগ তা জব্দ করে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পিকআপের চালক ও হেলপারের বাড়ি মুন্সিগঞ্জে। মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারেন্ট জালের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।