বিএসইসির সহকারী পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পান্থপথে নিজ বাসা থেকে মেহেদী হাসান নামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সহকারী পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) রাতে পান্থপথের তিনতলার বাসা থেকে মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার (৩০ মে) সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মেহেদীর বাড়ি ফরিদপুরে ভাঙ্গা উপজেলায়। পান্থপথের বাসায় গত আড়াই মাস হলো তিনি ভাড়ায় ওঠেন। এখানে ব্যাচেলরের মতো একাই থাকতেন তিনি।

ওসি উৎপল বড়ুয়া বলেন, রবিবার রাতে পান্থপথের তিনতলার বাসার ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করা হয়।  তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও জানান, মারা যাওয়ার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা আছে, ঘুম কম হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।