রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় হলের আবাসিক শিক্ষকদের নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার (২৯ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ও ওই হলের আবাসিক ছাত্র গিয়াস উদ্দিন কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হলের আবাসিক শিক্ষকদের মধ্য থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আমিরুল ইসলাম এবং সদস্য ড. মো. মেজবাউস সালেহীন ও ড. আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ। তদন্ত কমিটিকে শিগগিরই ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রবিবার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের টিভি রুমে সিগারেট খেতে নিষেধ করায় বিডি মর্নিংয়ের রাবি প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন৷ পরে তাদের দেওয়া তিন দফা দাবি মানার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।