যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ  

ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা চিংড়ির একটি চালান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার গভীররাতে যশোর শহরের চাঁচড়া মোড়ে একটি ট্রাক থেকে দেড় টন চিংড়ি জব্দ করা হয়।

এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার।

জেলি পুশ করা চিংড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা যশোর-বেনাপোল সড়কের চাঁচড়ায় চেকপোস্ট বসায়। এ সময় চিংড়ি ভর্তি একটি ট্রাক থামিয়ে পরীক্ষা করা হয়। পরে চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়িতে জেলি পুশ করায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ ও একই গ্রামের মো. জালালকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬,যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি তারেক আমান বান্না এবং যশোর জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার এ অভিযান পরিচালনা করেন।