বশেমুরবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। তাদের দাবি আদায় না হওয়ায় পৃথকভাবে কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক-কর্মকর্তারা।

রবিবার (৫ জুন) সকাল ১০টায় তিন দফা দাবি আদায়ের জন্য রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তারা। এছাড়া শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কারণে রবিবারও সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগে গত ১ জুন থেকে শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। 

এদিকে হঠাৎ করে ক্লাস-পরীক্ষা বন্ধসহ ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, কিছুদিন পরপর এই ক্যাম্পাসে তালা ঝুলিয়ে আন্দোলন করা হয়। এমনিতেই দীর্ঘদিন করোনার প্রভাব কাটিয়ে উঠতে পারছেন না শিক্ষার্থীরা, এর উপরে এমন স্থবির অবস্থা চললে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি তুহিন মাহমুদ বলেন, কর্মকর্তাদের পদন্নোতি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, নিয়োগে অভ্যন্তরীণ প্রার্থীর শর্ত শিথিল এবং ডিউ ডেট সংশোধনের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এসকল দাবি পূরণ হলে সকলেই কাজে ফিরে যাবেন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ন্যূনতম যে যোগ্যতা নির্ধারণ করতে বলেছে ইউজিসি তা শিক্ষকদের স্বার্থ-পরিপন্থী হওয়ায়, রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে হুবহু এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। যারা আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন তাদের প্রক্রিয়া শেষে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের দাবি আদায় হলে আমরা ক্লাসে ফিরে যাবো।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, আমি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বাইরে আছি। দ্রুত ক্যাম্পাসে ফিরে এসকল বিষয়ে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো।