বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (৫ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের আশেপাশে এ গাছ লাগানো হয়। এসময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
‘অনলি ওয়ান আর্থ: লিভিং সাস্টেইনেবিলি ইন হারমনি উইথ নেচার’ অর্থাৎ ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৫ জুন রবিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে পরিবেশ দিবস। মূলত এ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে দিবসটিতে সারা দেশের ছাত্রলীগের সব ইউনিটকে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর উদ্বোধন করেন।
প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।