চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কর্মরত অবস্থায় নিখোঁজ ফায়ার ফাইটার ফরিদের অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন ভ্যানচালক বাবা ফরিদুজ্জামান ফরিদ। নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মী ফরিদুজ্জামান ফরিদের অপেক্ষায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাড়িতে প্রহর গুনছেন মা ও বাবাসহ স্বজনরা।
ফরিদের স্বজনরা জানান, গত শনিবার (৪ জুন) রাতে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি ফায়ার সার্ভিস অধিদফতর থেকে অনুসন্ধান করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ভ্যানচালক সাইফুল ইসলাম ও ফুলমতি বেগমের এক মাত্র ছেলে ফরিদুজ্জামান ফরিদ।
নিখোঁজ ফরিদের চাচা তোতা মিয়া জানান, ছোট বেলা থেকে ভীষণ মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন ফরিদ। দিনমজুরি ও ভ্যান চালিয়ে ছেলেকে পড়ালেখা করিয়েছেন তার বাবা। প্রায় দুই বছর আগে সীতাকুন্ডে প্রথম চাকরিতে যোগ দেন ফরিদ। ছেলে চাকরি করলেও তার বাবা ভ্যান চালানো বন্ধ করেননি।
বাবা সাইফুল ইসলাম বলেন, ইচ্ছে ছিল ছেলে আর একটু স্বাবলম্বী হলেই পেশা পরিবর্তন করে নতুনভাবে সংসার সাজিয়ে গুছিয়ে নেবেন। কিন্তু সে আশা স্বপ্ন এখন ফিকে হতে বসেছে। গত ৭২ ঘণ্টা পরও ছেলের সন্ধান না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কথা বলার মতো পরিস্থিতি নেই বাবা-মার। ছেলের কথা বলতে বলতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন দুজনেই। চিকিৎসকের পরামর্শে স্যালাইন লাগানো হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, বছর দুয়েক আগে সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার ফাইটার (সিপাহি) পদে যোগ দেন ফরিদুজ্জামান ফরিদ।