কালীগঞ্জে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) রংপুর এর একটি দল। সোমবার (৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রবিবার (৫ জুন) রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলুল করিমের ফলকের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটককরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ইকবাল হোসেন (৩৪), আজিমুল হক (৩৭), মুসা মিয়া (২২) ও সুমন মিয়া (১৫)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক লেফটেনেন্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কাকিনা কবি শেখ ফজলুল করিমের নাম ফলক এলাকায় অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। এসময় সন্দেহজনকভাবে রংপুরগামী একটি মাইক্রোবাস আটক করে তল্লাশী চালানো হয়। এসময় মাইক্রোবাস থেকে  ১৭ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব। এসময় ৪ জন মাদক কারবারিকেও আটক করা হয়।

তিনি আরো জানান, মাইক্রোবাসটি জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।