লালমনিরহাটে চোরাই গরু ও কাশ্মীরি চাদরসহ বিপুল ভারতীয় মালামাল জব্দ 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৬:১২

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের পৃথক অভিযানে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ১০টি গরু, মাদকদ্রব্য, শাড়ি ও কাশ্মীরি চাদরসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মূল্য প্রায় ৯ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আকতারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় কাউয়ামারী বাজার এলাকা থেকে দুই চোরাকারবারি ও আটটি ভারতীয় গরু আটক করা হয়।

এ ছাড়া বুড়িমারী, ঝালংগী, সিংগীমারী ও পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, বুড়িমারী বিওপির টহল দল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) জিরো পয়েন্ট থেকে ৭টি ভারতীয় শাড়ি ও ৭টি কাশ্মীরি চাদর জব্দ করে। ঝালংগী বিওপির টহল দল পকেটপাড়া এলাকা থেকে ১টি ভারতীয় গরু এবং হাতীবান্ধার সিংগীমারী বিওপির টহল দল কানিপাড়া এলাকা থেকে আরও ১টি ভারতীয় গরু জব্দ করে। এ ছাড়া পূর্ব সারডুবি বিওপির টহল দল পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৬৮টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে বিজিবি থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি