মিরপুরে ইমরান রশিদ নামের এক যুবককে হত্যার দায়ে একজনের আমৃত্যু ও দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৬ জুন) কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো- উপজেলার কাটদহর চর এলাকার জমশের আলীর ছেলে জিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- একই এলাকার আসান আলীর ছেলে মোস্তফা এবং শাকদহর চর এলাকার ইবাদত আলীর ছেলে জাহাঙ্গীর। আসামিদের মধ্যে জিয়া ও জাহাঙ্গীর বর্তমানে পলাতক। তবে রায় ঘোষণার সময় মোস্তফা আদালতে উপস্থিত ছিল। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে খালাস দিয়েছে আদালত।