সিরাজগঞ্জে চালের দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। কয়েক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে চালের বাজার ছিল অস্থির। ইরি-বোরো মৌসুমে চালের মূল্য বৃদ্ধি নিয়ে জনমনে নানা প্রশ্ন ওঠে| অসৎ ব্যবসায়ীরা ধান-চাল মজুত করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারের দ্রুত কঠোর হস্তক্ষেপে চালের বাজার এখন নিয়ন্ত্রণে।
স্থানীয় চাল ব্যবসায়ীরা বলছেন, অসৎ ব্যবসায়ী, মজুতদার ও চাল মিলারদের কারসাজিতেই চালের বাজার অস্থির হয়ে ওঠে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন মজুতদারীদের গুদামে অভিযান ও বাজার মনিটরিং শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকায় চালের দাম কমতে শুরু করেছে কয়েক দিন ধরে।
বর্তমানে প্রতি বস্তা (৫০ কেজি) চাল গড়ে ১০০ থেকে ১২০ টাকা কমেছে| এ অভিযান অব্যাহত থাকায় অনেক অসৎ মজুতদার তাদের মজুত করা ধান-চাল বাজারে ছাড়ছে। এ কারণে এ ধান-চালের দাম কমতে শুরু করেছে। তবে ব্যবসায়ীদের বেশি দামে কেনা চাল এখন লোকসান গুনতে হচ্ছে।