কুড়িগ্রামের রাজারহাটে দিন দিন বাড়ছে গোখাদ্যের দাম। এতে বিপাকে পড়েছেন খামারিরা। বেশি দাম দিয়ে খাদ্য কিনতে না পারায় গরুর খাবার কমিয়ে দিয়েছেন অনেক খামারি। অনেকে আবার খামার বন্ধ করে দিয়েছেন।
তারা জানান, ছয় মাস আগে যে গমের ভুসির বস্তা ৯০০ টাকা ছিল, তা এখন ১ হাজার ৯০০ টাকায় কিনতে হচ্ছে। খামারি আম্বিয়া বেগম ও লাভলু মিয়া বলেন, এখন আর গরু পালার কোনো সুযোগ নেই। সব গোখাদ্যের দাম বাড়ছে। কোনো কোনো গোখাদ্যের দাম দ্বিগুণের বেশি বেড়েছে।
রতিমৌজা গ্রামের খামারি বাবলু মিয়া জানান, তার খামারে ছয়টি গরু আছে। গোখাদ্যের দাম বাড়ায় দুইটি বিক্রি করে দিয়েছি। অন্যগুলো পালন করাও কঠিন হয়ে গেছে।
রাজারহাট প্রানিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ছোট-বড় ২ হাজার ৬৬২টি গরুর খামার রয়েছে।
উপজেলা ডেইরি খামার মালিক সমিতির সভাপতি বলেন, হঠাৎ করে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন খামারিরা। এমন পরিস্থিতি চলতে থাকলে পথে বসতে হবে।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, কীভাবে খামারিদের টিকিয়ে রাখা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। খামারিদের উন্নত জাতের ঘাস চাষের পরামর্শ দিয়ে যাচ্ছি।