পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নাব্যতা সংকট দূর করতে চলছে ড্রেজিং কার্যক্রম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে নাব্যতা সংকটে ফেরি, লঞ্চ ও কার্গো চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। নাব্যতা সংকট দূর করে নৌ যান চলাচল স্বাভাবিক রাখতে চলছে ড্রেজিং কার্যক্রম। তবে শুষ্ক মওসুমে ড্রেজিং কার্যক্রমে প্রতি বছর কোটি-কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। চ্যানেলমুখে সৃষ্ট ডুবোচরে হর-হামেশা আটকে পড়ছে ফেরি। বিআইডব্লিউটিএ ড্রেজিং ইউনিট সূত্র জানান, পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও বাঘাবাড়ি নৌরুটে বিভিন্ন আকৃতির নৌ-যান চলাচল স্বাভাবিক রাখতে চলতি মওসুমে ২৭ লাখ ঘন মিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি ঘনমিটার পলি অপসারণে ব্যয় ধরা হয় ১২০ টাকা। এতে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয় হবে।