ইবিতে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে নির্মাণ শ্রমিক আটক 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীহলের পাশে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ঐ শ্রমিকের নাম মোহন। সে বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রির কাজ করছিল।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩ টার দিকে তাকে আটক করা হয়। ইবি থানার উপ-পরিদর্শক মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা তাকে থানায় নিয়ে যাচ্ছি। সেখানে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মীরা জানান, বেলা ১ টার দিকে বেগম খালেদা জিয়া হলের ঐদিকে ছাত্রীদের জানালার পাশে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। ছাত্রীরা তাকে সরে যেতে বললেও সে যায়নি। এক পর্যায়ে সেখানে হৈচৈ শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যরা তাকে ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ১ ঘণ্টা প্রচেষ্টার পর তাকে আটক করা হয়। 

এবিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রক্টরিয়াল বডির ফোন পেয়ে আমরা তাকে থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়া হবে। 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রী হলের ঐদিকে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ছাত্রীদের অশালীন অঙ্গভঙ্গি করছিল। হলের সাবেক প্রভোস্ট আমাকে ফোনে জানালে আমি তাৎক্ষণিক ভাবে আনসার সদস্যদের পাঠাই। বেলা ১টার দিকে আনসার সদস্যরা তাকে আটক করে। পরে তাকে পুলিশ সোপর্দ করা হয়েছে।

লিখিত অভিযোগের বিষয়ে জানত চাইলে তিনি বলেন, আমরা তাকে থানায় সোপর্দ করেছি বাকি প্রক্রিয়া চলমান রয়েছে। ভাইস চ্যান্সেলর অনুমোদন দিলে লিখিত অভিযোগ করা হবে।