‘সেই তুর্কি নাগরিক মাঙ্কিপক্স  আক্রান্ত না’

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা সেই তুর্কি নাগরিকের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সংক্রামক ব্যাধি হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৭ জুন আকসি আলতে (৩২) নামে ওই তুর্কি নাগরিক টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

ওইদিন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। বিষয়টি এখনও সন্দেহের পর্যায়ে রয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।