গাজীপুরে জেএমবির বোমা হামলার ১৩তম বার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাজীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে জেএমবি’র আত্মঘাতি বোমা হামলার ১৩তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বোমা হামলায় শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি শিখা অনির্বাণ’ এ জেলা আইনজীবী সমিতি, গাজীপুর জজশীপের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে শহীদ আইনজীবীদের স্মরণে ও আহত আইনজীবীদের সুস্থতা কামনায় স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সমিতির পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি শোকমিছিল আদালত চত্বর প্রদক্ষিণ করে।

দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) শরিফুর রহমান, আদালতের জিপি আমজাদ হোসেন বাবুল প্রমুখ।