ফের হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

হালদা নদীর থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে নদীর রাউজান অংশের আজিমের ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন নদীতে একটি ডলফিন ভাসতে দেখে পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফকে খবর দেন। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় নদী হতে ডলফিনটি উদ্ধার করেন। উদ্ধার করা ডলফিনটির ওজন ১৬ কেজি, লম্বা ৩ ফুট।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, ডলফিনটি উদ্ধারের পর রাউজানের সংসদ সদস্য  এবিএম ফজলে করিম চৌধুরীকে জানানো হয়। তার নির্দেশে ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটির শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। কি কারণে এটার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩৫টি ডলফিন মারা গেছে।