গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সিএ নিটওয়্যারের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীদের পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় চার ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার শ্রমিকরা সকাল সাড়ে আটটার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা মহাসড়কে পুরোনো টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। ঘটনার সময় পুলিশের এক কনস্টেবল ও ৬ জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকরা স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন।

এনএজেড গ্রুপের ওই কারখানার শ্রমিকরা কয়েকজন কর্মকর্তা ও বহিরাগতদের বিরুদ্ধে দুর্ব্যবহারে অভিযোগ এনে বলেন, তাদের কারণে আমরা অতিষ্ঠ। নামাজে কোন কারণে দেরি হলেও তাদেরকে ছাঁটাই করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, তার মা মারা যাওয়ার পর ছুটি চাইলেও দেওয়া হয়নি। তারপর সে মায়ের নামাজে জানাজায় যায়। ফিরে আসতে দেরি হওয়ায় তাকেও ছাঁটাই করা হয়েছে। অন্য শ্রমিকরা জানায় তারা ৬/৭ বছর যাবত্ কাজ করছেন। পুরাতন বলেই নানা অজুহাত তুলে তাদের ছাঁটাই করা হচ্ছে। কর্মকর্তারা শ্রমিকদের সাথে নির্দয় আচরণ করে। অভিযোগ সম্পর্কে কথা বলতে চাইলে কারখানার কোন কর্মকর্তা রাজি হননি।