মুজিববর্ষ গবেষণা অনুদান পেলেন শেকৃবি'র তরুণ গবেষক

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় 'Development Research on Mujib Centenary' ২০২১-২২ অর্থবছরে সারাদেশ থেকে মনোনীত ৮ জন গবেষকের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন তরুণ গবেষক ড. মো. রাশেদুল ইসলাম।

তিনি 'দুগ্ধ খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণিজ সম্পদে সরকারের স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য অর্জনে সহায়তাকরন' গবেষণা প্রকল্পের আওতায় এ অনুদানের জন্য মনোনীত হয়েছেন। 

সোমবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে(ব্যানবেইস) আয়োজিত শিক্ষাখাতে উচ্চাতর গবেষণা সহায়তা কর্মসূচির চেক প্রদান বিষয়ক কর্মশালায় ড. মো. রাশেদুল ইসলাম  প্রথম অর্থবছরের চেক গ্রহন করেন। গবেষকদের গবেষণার লক্ষ্যে ২ বছরের জন্য এ অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. আবু বকর সিদ্দীক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, ব্যানবেইসের মহাপরিচালক হাবিবুর রহমান প্রমুখ।  

ড. মো. রাশেদুল ইসলাম বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রয়াসে প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে গবেষণায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই। গবেষণার প্রায়োগিক দিকটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে চাই'। 

বর্তমানে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।