ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে এক ভোটাভুটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার নিন্দা জানিয়েছেন সিনেটররা। খবর ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্টের।
ইয়েমেন যুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়ে সিনেটে ৬৩-৩৭ ভোটে একটি প্রস্তাব পাস হয়েছে। এর আগে এক জরিপেও দেখা যায়, অর্ধেকের বেশি মার্কিনী ইয়েমেন যুদ্ধে সৌদি জোটকে যুক্তরাষ্ট্রের সমর্থন আশা করেন না। ২০১৫ সালে শুরু হওয়া যুদ্ধে অন্তত ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা জানিয়েছেন সিনেটররা। রিপাবলিকান সিনেটররাও এই তালিকায় রয়েছেন। এমনকি ট্রাম্প ঘনিষ্ট রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি সিআইএ প্রধানের প্রধানের কাছ থেকে একটি ব্রিফিং নেওয়ার ব্যাপারে চাপ সৃষ্টি করবেন। সিআইএ এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছিল, খাশোগি হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও ট্রাম্প এখনো সেটি বিশ্বাস করেনি।