কুবি শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নূর উদ্দীন হোসাইন-এর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত। এসময় তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ধারণ করেন। 

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, একটি টেলিভিশন কয়েক ধাপে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন আইনি পদক্ষেপ নেয়নি বরং তাদের গাড়ি ভাংচুরের ঘটনায় সন্দেহাতীতভাবে সম্পৃক্ততার অভিযোগ এনে আমাদের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। 

আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটি টেলিভিশন যখন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ ছিল। কিন্তু সম্প্রতি তাদের গাড়ি ভাংচুরের ঘটনায় প্রশাসন কোনপ্রকার তদন্ত ছাড়া নূর উদ্দিনকে সাময়িক বহিষ্কার করেছে।

এ সময় বক্তারা আরও বলেন, নূর উদ্দিন এ ঘটনার সাথে জড়িত কিনা তা তদন্ত করা ছাড়াই বহিষ্কার করা হয়েছে।  এ বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন জোরালো করা হবে।

প্রসঙ্গত, গত ১৩ জুন রাত ৯ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে ৭১ টেলিভিশনের গাড়ি ভাংচুরের ঘটনায় সন্দেহাতীতভাবে জড়িত থাকার অভিযোগে ১৪ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থী নূর উদ্দিন হোসাইনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এর আগে ঘটনার সাথে প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগে নূর উদ্দিন হোসাইনকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।