কার্ল মার্কসের দ্বিশত জন্মবার্ষিকীতে ইউল্যাবের আন্তর্জাতিক সম্মেলন আজ

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ইংরেজি ও মানবিক বিভাগ কার্ল মার্কসের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন আজ শুক্রবার। “ল্যাগুয়েজ, লিটারেচার, কালচার অ্যান্ড পলিটিকস মার্কস’ বাইসেন্টেনারি কনফারেন্স” শিরোনামে ইউল্যাবের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন ডিসিপ্লিনের আলোকে সমকালীন বিশ্বে মার্কসের চিন্তার প্রাসঙ্গিকতার উপর মনোনিবেশ করা হবে। সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এ সম্মেলন।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এরপরে নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ব্রেট বেঞ্জামিন “লিভিং অ্যামিডস্ট দ্য ক্যাটাসট্রফিজ অফ ‘দ্য লিভিং কন্ট্রাডিকশন’: থিসিস অন মার্কস অ্যাট ২০০” শিরোনামে তার মূল প্রবন্ধ পাঠ করবেন। এই প্রবন্ধ উপস্থাপনের অধিবেশনে সভাপতিত্ব করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। মার্কসের চিন্তার পাঠ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ জন গবেষক তাদের একাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করবেন।

আগামীকাল শনিবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে “বাংলাদেশে মার্কসবাদ ও সামাজিক আন্দোলন” এর উপরে প্যানেল আলোচনা এবং সমাপনী অধিবেশনে থাকবে “নতুন শতকে বাংলাদেশ” শীর্ষক আলোচনা। কনফারেন্স সমাপ্ত হবে অরূপ রাহীর সাংস্কৃতিক পরিবেশনায় যার শিরোনাম “লালন ও মার্কস এর মুক্তির কল্পনা”।-প্রেস বিজ্ঞপ্তি