জয়পুরহাট জেলার আক্কেলপুরে সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তার হোসেনকে (৩৬) দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা তিনটায় রায়কালী ইউনিয়নের রায়কালী বাজারে পণ্য মজুতবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই দণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান এ আদেশ দেন। মুক্তার হোসেন রায়কালী খাঁপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে তাকে জয়পুরহাট কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলা নিবাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন তিনি। ইউপি সদস্য মুক্তার হোসেন এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে বাধা দেন ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত ইউপি সদস্য মুক্তার হোসেনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মুক্তার হোসেনের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের মামলা হয়েছিল। স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি।